শিরোনাম

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বাসস) : মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে পরাজিত করেছে। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৫-২ গোলে বিধ্বস্ত করেছে চেলসিকে।
ভালভার্দের অবিশ্বাস্য হ্যাটট্রিক রিয়ালকে বড় জয় উপহার দেয়। ফিরতি লেগে সিটির ফিরে আসার ব্যপারে শঙ্কা প্রকাশ করেছেন কোচ পেপ গার্দিওলা। প্রথমার্ধেই তিনটি গোল করে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ মাদ্রিদের হাতে তুলে দেন, যদিও দলে ছিলেন না ইনজুরিতে থাকা ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই গোলরক্ষক থিবো কুর্তোয়ার লম্বা কিক ধরে এগিয়ে যান ভালভার্দে। সিটি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে কাটিয়ে গোল করেন। এরপর দূরপাল্লার শটে দ্বিতীয় গোল করেন এবং ব্রাহিম দিয়াজের সঙ্গে দারুণ সমন্বয়ে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
ম্যানচেস্টার সিটি আরও বড় ব্যবধানে হারতে পারত, কিন্তু দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন ডোনারুমা। সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “ফুটবলে সবসময়ই সম্ভাবনা থাকে। আমরা চেষ্টা চালিয়ে যাব।”
প্যারিসে পিএসজি ৫-২ গোলে জিতে কেয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে। ব্র্যাডলি বারকোলা পিএসজিকে এগিয়ে দেন। মালো গাস্তোর গোল চেলসিকে সমতায় ফেরায়। ওসমানে ডেম্বেলে পাল্টা আক্রমণ থেকে গোল করে আবারও পিএসজিকে এগিয়ে দেন।
চেলসির হয়ে এনজো ফার্নান্দেজ আবারও সমতা ফেরান। কিন্তু পরে গোলরক্ষক ফিলিপ জর্জেনসেনের ভুলে ভিটিনহা লব করে গোল করেন। ম্যাচের শেষদিকে কাভিচা কাভারাটসখেলিয়া জোড়া গোল করে বড় জয় নিশ্চিত করেন।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, দল আগের মৌসুমের মতো ধারাবাহিক না হলেও তাদের মানসিক দৃঢ়তা শক্তিশালী।
দিনের আরেক ম্যাচে আর্সেনাল জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্ট এ্যান্ড্রিচ গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন। তবে ৮৯ মিনিটে বদলী হিসেবে নামা কেই হাভার্টজ পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান।
নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট ৩-০ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। পেনাল্টি থেকে প্রথম গোল করেন সন্দ্রে ব্রানস্টাড ফেট। এরপর ওলে দিদরিক ব্লুমবার্গ ও কাসপার হগ গোল করে নরওয়ের এই আন্ডারডগ দলের দুর্দান্ত জয় নিশ্চিত করেন।