বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৭:৫০
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৯:৩৮

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১১৫ রান

ঢাকা, ১১ মার্চ ২০২৬ (বাসস) : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে পাকিস্তানের ইনিংস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করেছে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার নাহিদ রানা।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিন আহমেদের স্থানে নাহিদের হাতে বল দেন অধিনায়ক মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। নবাগত শামিল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ক্যারিয়ারের প্রথমবারের মত ফাইফার পূরণ করেন তিনি। 

পরের কাজটুকু সেরেছেন মিরাজ। ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

৮২ রানে নবম উইকেট হারানোর পর একশর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে ফাহিম আশরাফ একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন। ফাহিমের ৩৭ রানের ইনিংসে ভর করে কোনোরকমে একশ’ রানের কোট পার করে সফরকারী পাকিস্তান।