বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৭:১৪
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৯:০৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টি২০ দল ঘোষণা

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার। ঘরের মাঠের সিরিজের বাকি দুই ম্যাচে টেস্ট অধিনায়ক টম ল্যাথামের অধীনে খেলতে নামবে কিউইরা। 

ভারত ও শ্রীলংকায় সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে অল-রাউন্ডার স্যান্টনারসহ বেশ কিছু খেলোয়াড়কে আসন্ন সিরিজের বিভিন্ন পর্যায়ে বিশ্রাম দেয়া হয়েছে। 

ব্যস্ত সূচীকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট রোটেশন পদ্ধতিতে দল নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর রয়েছে। এছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগে (পিসিএল) বেশ কয়েকজন খেলোয়াড়ের অংশগ্রহণ করার কথা রয়েছে। এরপরপরই রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর। 

প্রায় তিন বছর পর টি২০ ম্যাচে ফিরতে যাচ্ছেন ল্যাথাম। ঘরোয়া সুপার স্ম্যাশ ও ফোর্ড ট্রফিতে ক্যান্টাবুরির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার সুবাদে ল্যাথাম দলে ফিরেছেন। 

অফ স্পিনিং অল-রাউন্ডার মিচেল ব্রেসওয়েল কাফ ইনজুরির কারনে টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। তিনি এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। 

এছাড়া ফিটনেস সমস্যার কারনে ফাস্ট বোলার এ্যাডাম মিলনে (গোঁড়ালি), ব্লেয়ার টিকনার (গোঁড়ালি) ও উইল ও’রুর্ক বাদ পড়েছেন। 

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফাস্ট বোলার ন্যাথান স্মিথ। সিম-বোলিং অল-রাউন্ডার হিসেবে জিমি নিশান ও জস ক্লার্কসন দলে থাকছেন। 

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ আগামী ১৫ মার্চ মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে। 

নিউজিল্যান্ড টি২০ স্কোয়াড :

মিচেল স্যান্টনার (অধিনায়ক, ১ম, ২য় ও ৩য় ম্যাচ), কাটেন ক্লার্ক (৪র্থ ও ৫ম ম্যাচ), জস ক্লার্কসন, ডেন ক্লেভার (৪র্থ ও ৫ম), ডেভন কনওয়ে (১ম, ২য় ও ৩য়), লোকি ফার্গুসন (২য় ও ৩য়), জ্যাক ফৌকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিকি বেলি, টম ল্যাথাম (৪র্থ ও ৫ম), জেইডেন লেন্স (৪র্থ ও ৫ম), কোল ম্যাককোঞ্চি, জিমি নিশান, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোদি।