বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৭:৩৩

জাপানের সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবলে খেলতে গেল বিকেএসপি

সাভার, ৮ মার্চ ২০২৬(বাসস) : জাপানের সানিক্স কাপ আন্তর্জাতিক ফুটবল লীগে অংশ নিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) এর ২১ সদস্যের অনুর্ধ্ব-১৮ দল শনিবার দিবাগত রাত ১ টায় জাপানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।  

জাপানের ফুকুওকা শহরে আগামী ১১-১৫ মার্চ অনুষ্ঠিত এ লীগে জাপানের ১৩টি দল ও ৩টি বিদেশী দল বাংলাদেশ, ভারত ও দক্ষিণ কোরিয়ার বয়স ভিত্তিক দল অংশগ্রহণ করবে। বাফুফের সহযোগিতায় বিকেএসপি দল বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

দলের ম্যানেজার হিসেবে আছেন বিকেএসপি'র পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: গোলাম মাবুদ হাসান এবং কোচের দায়িত্বে আছেন বিকেএসপি'র জাইকার জাপানী কোচ কাই তাগুচি। ১৬ টি দল ৪টি গ্রুপে রাউন্ড রবিন লিগে খেলবে। বিকেএসপি জাপানের আরও তিনটি দলের সাথে ডি গ্রুপে অংশ নিচ্ছে।

সানিক্স কাপ জাপানের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট, যেখানে ইতোপূর্বে ইতালির এসি মিলান এবং ইন্টার মিলানসহ নেদারল্যান্ডসের আয়াক্স ইয়ুথ দল এবং, চীন, কোরিয়া ও জাপানের অ-১৭ জাতীয় দল অংশগ্রহণ করেছে।  

গত বছর জাপানের মুনাকাটা সিটিতে অনুষ্ঠিত বিকেএসপি দল নিজেদের তিনটি খেলাতেই প্রতিদ্বন্দিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে এ বছর সানিক্স আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়।