শিরোনাম

ঢাকা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্খের সাথে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করেছে লিভারপুল। শনিবার প্রিমিয়ার লিগের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।
২৩ বছর বয়সী ডাচ মিডফিল্ডার ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুলে যোগ দেন। গত মৌসুমে কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রাভেনবার্খ ছয় বছরের নতুন চুক্তিতে সই করেছেন, যা তাকে ২০৩১-৩২ মৌসুমের শেষ পর্যন্ত এ্যানফিল্ডে রাখবে।
যদিও অভিষেক মৌসুমে দেখানো ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখা তার জন্য কিছুটা কঠিন হয়েছে। তবুও লিভারপুল মনে করে তার ক্যারিয়ারের সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে।
লিভারপুল সবসময়ই তাদের শিরোপাজয়ী দলের মূল খেলোয়াড়দের ধরে রাখতে আগ্রহী। মিডফিল্ডার ডোমিনিক সোবোসলাইজ ও এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের সঙ্গেও নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
নতুন চুক্তি নিয়ে গ্রাভেনবার্খ বলেন, “আমি সত্যিই খুব ভালো অনুভব করছি। এত বড় একটি ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে পেরে আমি গর্বিত। তাই আমি খুব খুশি যে আরও অনেক বছর এখানে থাকতে পারব।”
তিনি আরও বলেন, ক্লাব ও কোচের আস্থা পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে এবং তার পরিবারও লিভারপুলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে।