শিরোনাম

ঢাকা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের খেলোয়াড়রা। তবে গতকাল আলাদাভাবে ঢাকায় পৌঁছান পাকিস্তানের সাপোর্ট স্টাফরা।
১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।
আগামী ১১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শুরুর আগে সোমবার এবং মঙ্গলবার দু’টি অনুশীলন সেশন করবে আফ্রিদির দল।
একই ভেন্যুতে সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ এবং ১৫ মার্চ।
পাকিস্তান দল : শাহিন শাহ আফ্রিদী (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।