বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১৬:২৩

ইয়ামালের গোলে বিলবাওকে হারাল বার্সেলোনা, জয় পেল এ্যাথলেটিকো

ঢাকা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : টিনএজ তারকা লামিন ইয়ামালের দুর্দান্ত গোলে বার্সেলোনা শনিবার লা লিগায় ১-০ ব্যবধানে হারিয়েছে এ্যাথলেটিক ক্লাবকে।

এই জয়ে শিরোপাধারী বার্সেলোনা আবারও লিগের শীর্ষে চার পয়েন্টের ব্যবধান পুনরুদ্ধার করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আগের দিন সেল্টা ভিগোকে হারিয়ে সাময়িকভাবে ব্যবধান কমিয়েছিল।

বিলবাওয়ের স্যান মেমেস স্টেডিয়ামে ম্যাচের ৬৮ মিনিটে ইয়ামাল বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়ান।

বার্সেলোনার মিডফিল্ডার পেড্রি বলেন, “ইয়ামাল কী করতে পারে আমরা ইতোমধ্যেই দেখছি। সে বলটাকে এমনভাবে টপ কর্নারে রাখে যে গোলরক্ষকের কিছু করার থাকে না।”

কোচ হান্সি ফ্লিক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কথা মাথায় রেখে দলে কিছু পরিবর্তন করেছিলেন। ফলে প্রথমার্ধে বার্সেলোনা খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

অন্য ম্যাচে এ্যাথলেটিকো মাদ্রিদ ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল সোসিয়োদকে। এই জয়ে তৃতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে এ্যাথলেটিকো।

ম্যাচে জোড়া গোল করেন নিকোলাস গঞ্জালেজ। এছাড়া এ্যাথলেটিকোর হয়ে অপর গোলটি করেন আলেক্সান্দার সোরলোথ। রিয়াল সোসিয়েদাদের হয়ে গোল করেন কার্লোস সোলার ও মিকেল ওয়ারজাবাল। 

এ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেন, ডিসেম্বরের ইনজুরির পর নিকোলাস গঞ্জালেজ আবার ফর্মে ফিরছেন, যা দলের জন্য গুরুত্বপূর্ণ।

এই দুই দলই এ সপ্তাহে কোপা ডেল রে’র ফাইনালে উঠেছে। আগামী মাসে সেভিয়ায় ফাইনালে তারা আবারও মুখোমুখি হবে।