শিরোনাম

ঢাকা, ৮ মার্চ ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইথান বশ। তার জায়গায় প্রোটিয়া দলে সুযোগ সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার উইয়ান মুল্ডার। সর্বশেষ দেড় বছর আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
নতুন মুখ হিসেবেই নিউজিল্যান্ড সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছিলেন বশ। এখনও প্রোটিয়াদের হয়ে টেস্ট বা টি-টোয়েন্টিতে খেলেননি তিনি। তবে গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় বশের। অভিষেকের পর দেশের হয়ে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা আছে মুল্ডারের। টেস্টে ২৪, ওয়ানডেতে ৩০ ও টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১০৫ রান ও বল হাতে ৮ উইকেট শিকার করেছেন মুল্ডার। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
চলতি বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়া নিউজিল্যান্ড সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তাই নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামের পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন স্পিনার কেশব মহারাজ।
এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দলে আছে- চার নতুন মুখ। তারা হলেন- কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান ও এনকোবানি মোকোয়েনা।
আগামী ১৫ মার্চ থেকে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরের চার ম্যাচ হবে যথাক্রমে- ১৭, ২০, ২২ ও ২৫ মার্চ।
দক্ষিণ আফ্রিকা টি২০ দল : কেশব মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, উইয়ান মুল্ডার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এস্তেহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জিওর্জি লিন্ডে, এনকোবানি মোকোয়েনা, আন্ডিলে সিমেলেন, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।