শিরোনাম

ঢাকা, ৭ মার্চ ২০২৬ (বাসস) : বিশ্বকাপ শুরুর মাত্র তিন মাস আগে কোচ ওয়ালিদ রেগ্রাগুইকে বরখাস্ত করেছে মরক্কো ফুটবল ফেডারেশন। জাতীয় দলে রেগ্রাগুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াহবি।
রেগ্রাগুই ২০২২ সালে মরক্কোকে ২০২২ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল উপহার দিয়ে ইতিহাস গড়েছিলেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে শেষ চারে পৌঁছেছিল মরক্কো। এছাড়া চলতি বছরের শুরুতে তিনি দলকে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালেও তুলেছিলেন।
বিদায় অনুষ্ঠানে রেগ্রাগুই বলেন, “ আমি আমার দেশকে সেবা করেছি- এই আনুগত্য, কৃতজ্ঞতা এবং বিশ্বাস নিয়ে দায়িত্ব ছাড়ছি।”
৪৯ বছর বয়সী ওয়াহবি সম্প্রতি মরক্কোকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানোর পর সকলের নজড়ে আসেন। মরক্কো ফুটবল ফেডারেশন কোচ পরিবর্তনের বিষয়টিকে বিশ্বকাপের আগে একটি “কৌশলগত পরিবর্তন” হিসেবে উল্লেখ করেছে।
আসন্ন বিশ্বকাপে মরক্কে গ্রুপ সি-তে খেলবে যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।
১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
মরক্কো ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকা বলেছেন, দেশের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান শক্ত করা এবং ২০৩০ বিশ্বকাপের আগে ভালো পারফর্ম করা।
মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে।
রেগ্রাগুইয়ের বিদায়ের পেছনে সাম্প্রতিক আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগালের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলের পরাজয় বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। সেই ম্যাচে বিতর্কিত পেনাল্টি নিয়ে মাঠে উত্তেজনাও তৈরি হয়েছিল।