বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৯

ক্রীড়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল আর নেই

ছবি : বাসস

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ মোস্তফা কামাল আর নেই। আজ রোববার ভোর ৬টায় শান্তিনগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দীর্ঘদিন কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

তিনি একাধারে ছিলেন জাতীয় ভলিবল কোচ, ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)’র আজীবন সদস্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

মোস্তফা কামালের প্রথম নামাজে জানাজা বাদ যোহর শান্তিনগর ইস্টার্ণ প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বেলা ২:৩০ মিনিটে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত মোস্তফা কামাল দাপটের সঙ্গে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। এরপর ১৯৬৬ সালে নাম লেখান ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেখানে কাটানো চার বছরের মধ্যে দুবারই লিগ শিরোপা জিতেছেন।

শুধু ফুটবল নয়, ভলিবল কোর্টেও মোস্তফা কামাল ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৬৩ থেকে ১৯৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান ভলিবল দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি এবং ১৯৬৮ সালে দলের অধিনায়ক হিসেবে সুনাম কুড়িয়েছেন।

মোস্তফা কামালের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন।