বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার ও সমাজে সমান অধিকার প্রাপ্য : রাজশাহী সিটি প্রশাসক রিটন

রাজশাহী, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজে অন্যান্য সাধারণ মানুষের মতো সমান অধিকার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জিং ব্যক্তিদের নায্য অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আজ রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সমান অধিকার : একটি সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ন্যাশনাল কাউন্সিল অব উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজের উদ্যোগে এবং সাইটসেভার্স ও ইকুইটি বাংলাদেশ ক্যাম্পেইনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

রাসিক প্রশাসক বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারেরই সদস্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান অধিকার রয়েছে এবং তা যেকোনো মূল্যে প্রতিষ্ঠা করতে হবে। আমরা সেই লক্ষ্যেই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য তিনি ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিলের ব্যবস্থা করেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে তাঁর এই প্রয়াসের উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরাও আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে চাই।’

ন্যাশনাল কাউন্সিল অব উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদা আক্তার এবং রজনীগন্ধা ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল।

কর্মশালার সার্বিক বিষয় উপস্থাপন ও সঞ্চালনা করেন ন্যাশনাল কাউন্সিল অব উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজের সদস্য মারুফা ইয়াসমিন মনিকা। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।