বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭

নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় সরকারের দায়বদ্ধতা তৈরি হয়েছে : আমান

ঢাকা (দক্ষিণ), ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় সরকারের দায়বদ্ধতা তৈরি হয়েছে। সেই দায়বদ্ধতা আছে বলেই আজ প্রধানমন্ত্রী নিজেকে জনগণের জন্য উৎসর্গ করে দিয়েছেন।

আজ শনিবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেন, রাষ্ট্রকে ভালো রাখতে হলে প্রতিটি পরিবার ও সংসারকে সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক একটি সংসারকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজ যেন মাদকের দিকে না যায়, সেদিকে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সরকারি কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি নিয়মিত শারীরিক ব্যয়াম এবং ভোর বা সন্ধ্যায় হাঁটার পরামর্শ দেন। একই সঙ্গে এলাকার স্বাস্থ্যবিধি বজায় রাখতে ডেঙ্গু মশার লার্ভা জমার পাত্র পরিষ্কার করা ও জমে থাকা পানি ফেলে দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

কেরানীগঞ্জের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, কৃত্রিম সার সংকটরোধে ডিলারদের গুদাম ও শোরুম নিয়মিত পরিদর্শন করা হবে। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনওসহ স্থানীয় জনপ্রতিনিধিদের তদারকি বাড়াতে হবে। পাশাপাশি, রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যতে চলাচলের সুবিধার কথা ভেবে অন্তত ৩০ ফুট প্রশস্ততা বজায় রাখার জন্য সীমানা ছাড়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কড়া বার্তা দিয়ে আমানউল্লাহ আমান বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অবৈধ জমি দখল বরদাশত করা হবে না। নিষিদ্ধ রাজনৈতিক দল বা কোনো দুষ্কৃতকারী যেন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য সাধারণ মানুষ, সাংবাদিক ও পুলিশ প্রশাসনকে সতর্ক থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এডিস মশা নিধনে থার্মাল ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।