বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির বিশেষ অভিযানে ১৫০০ কর্মী মাঠে

ছবি : বাসস

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ডেঙ্গু মশার বিস্তার রোধে এডিস মশার লার্ভা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আজ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪টি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে কর্পোরেশনের ১ হাজার ৫০০ কর্মী অংশগ্রহণ করে।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরীপাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং, নোবেলিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।