বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০

নারী শিক্ষার প্রসার প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার: কেসিসি প্রশাসক

ছবি: বাসস

খুলনা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী শিক্ষার প্রসার প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। 

আমরাও খুলনায় নারী শিক্ষাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই যাতে আমাদের মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজেদেরকে মর্যাদার আসনে অধিষ্টিত করতে পারেন। 

কেসিসি পরিচালিত স্কুল ও মাদরাসায় এ বিষয়ে লক্ষ্য রেখে আন্তরিকতার সাথে পাঠদানের জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করায় স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পাঠদান ও ভালো ফলাফল অর্জনকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল বিষয় হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরও বলেন, শতভাগ উত্তীর্ণ হওয়া একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক বড় সাফল্য। স্কুলের এ সাফল্য এ অঞ্চলে সম্ভাবনার নতুন দ্বার উম্মোচন করবে। এ সফলতার জন্য তিনি শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে নিয়মিত সভা আহ্বানের ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মো. শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। 

অন্যান্যের মধ্যে কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মো. আব্দুস সালাম ফারাজী, স্থানীয় সমাজসেবক নিজাম উর রহমান লালু, এইচ এম আবু সালেক, কাজী শফিকুল ইসলাম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, কেসিসি’র সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামানসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন।