শিরোনাম

খুলনা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে খুলনা সিটি করপোরেশন(কেসিসি)।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) থেকে দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। শহীদ হাদিস পার্ক থেকে অনলাইনে সরাসরি সংযুক্ত থেকে খুলনায়ও এ কর্মসূচি শুরু করা হবে। তারই প্রস্তুতি গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে আর কি কি কার্যক্রম হাতে নেয় যায় সে বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে আজ এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে কেসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে গত তিন মাসে কেসিসি কর্তৃক গৃহীত কার্যক্রম তুলে ধরে বলেন, চলতি মাস ও আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ। সরকারি অফিসসমূহের অভ্যন্তরীণ স্থান এবং নিজ নিজ বাড়ির আঙিনা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভায় প্রতি শনিবার প্রত্যেক অফিস চত্বর ও বাজার পরিচ্ছন্ন করাসহ জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা বৃদ্ধি, ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠন, সরবরাহকৃত ওষুধ পরীক্ষা এবং বর্তমানে ব্যবহৃত ওষুধ থেকে আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন কোনো ওষুধ ব্যবহার করা যাবে কি না সে বিষয়ে খুলনায় দুটি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ববিদের সহযোগিতা নেওয়াসহ মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় কেসিসির ১৮ হাজার ম্যানহোলে ওষুধ স্প্রে করা, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে আরও ৩টি মেডিকেল ক্যাম্প স্থাপন, মেডিকেল কলেজের অভ্যন্তরে প্যান্ডেল নির্মাণের মাধ্যমে আসন সংখ্যা বাড়ানো, স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি হাসপাতালের প্রতিনিধি, নাগরিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।