বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

বিদেশে এসি রুমে বসে উস্কানি না দিয়ে মাঠে আসুন: এসএম জিলানী

ছবি: বাসস

গোপালগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা দেশের মানুষের কষ্টার্জিত টাকা পাচার করে বিদেশে এসি রুমে বসে কর্মীদের উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

আজ রোববার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলটির নেতারা দুর্নীতির মাধ্যমে টাকা বিদেশে পাচার করেছেন। সাহস ও রাজনৈতিক শক্তি থাকলে মাঠে আসুন, আমরা আপনাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো, অন্য কোনো পন্থায় নয়।

ছবি: বাসস

দেশ-বিদেশ থেকে সামাজিক মাধ্যমে হুঙ্কারকারিদের উদ্দেশে জিলানী বলেন, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে আমাদের ওপর কোনো উস্কানি বা অযাচিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তার জবাব দেওয়া হবে।

নিজের জন্মভূমির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, টুঙ্গিপাড়া আমার এবং এখানকার বিএনপির প্রতিটি কর্মীর জন্মস্থান। কথা ও রাজনীতি শালীনতার সাথেই করতে হবে। গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই।

এর আগে সকাল সাড়ে ১০টায় পাটগাতী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালিটি গওহরডাঙ্গা চৌরঙ্গী ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। দুপুরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপি সভাপতি কদর শেখসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।