বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৮৭ মামলা, ৪২০ গাড়ি ডাম্পিং 

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮৭টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

গতকাল শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব মামলা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী :

ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ১টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ৩২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৭১টি মামলা।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩১৬টি মামলা।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা।

এ ছাড়া অভিযান পরিচালনাকালে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৪২০টি যানবাহন ডাম্পিং এবং ৩০৩টি যানবাহন রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকার ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে ডিএমপির এই বিশেষ ট্রাফিক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।