বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেফতার

প্রতীকী ছবি

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর কাফরুলে ৭ বছরের শিশু অপহরণের ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম- যুথী আক্তার (২২)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের এক শিশু খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে কাফরুল থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুথী আক্তারকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর গ্রেফতারকৃত ওই নারীকে আদালতে পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।