শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাংবাদিক কাজিম রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার ডিইউজে-এর দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত এক যৌথ শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, মরহুম কাজিম রেজা সারাজীবন গণতন্ত্র, সত্য প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে লড়াই করে গেছেন। পেশাগত জীবনে তিনি কখনো অন্যায় ও মিথ্যার সাথে আপস করেননি। বিএফইউজে ও ডিইউজে-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপসহীন এক কান্ডারী।
শোকবার্তায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী শাসনের সময়ে তার শেষ কর্মস্থল বাসস থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার পর দীর্ঘকাল বেকারত্ব, চরম আর্থিক সংকট ও অর্থাভাবে উপযুক্ত চিকিৎসার অভাবে আজ বুধবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।