শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর জিগাতলায় হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আজ বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে ৫৩, সাত মসজিদ রোড, জিগাতলায় অবস্থিত হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ—সয়া সস, চিকেন পাউডার, কাশমিরি মরিচসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এ সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।