শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষতা বাড়াতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দু’মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণে বেবিচকের ১৫ দমকলকর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।
আজ রাজধানী ঢাকার কুর্মিটোলাস্থ সিভিল এভিয়েশন একাডেমিতে‘ ক্র্যাশ ফায়ার এন্ড রেসকিউ(সিএফআর) ইনিশিয়াল কোর্স নাম্বার ০৫’ -এর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
দুই মাসব্যাপী কোর্সটি গত ১০ জুন শুরু হয়ে গতকাল শেষ হয়।
প্রশিক্ষণকালে দমকলকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনাসহ ফায়ার ফাইটিংয়ের বিভিন্ন বিষয়ে নিবিড় ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুসরণ করে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা নিশ্চিত এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
তিনি বলেন, বিমান চলাচলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনা মোকাবেলায় এই প্রশিক্ষণের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন দেশের সব বিমানবন্দরে প্রয়োজনীয় অগ্নি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেবিচকের পরিচালক (ফায়ার) মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং উপ-পরিচালক (ডিজাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড এজিএ) মো. আবদুল লতিফ।