শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশে শ্রম অধিকার, শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে রাজধানীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরে আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবীন খান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গাজী জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি উপস্থাপনায় পুলিশের দৈনন্দিন কার্যক্রম, শিল্পাঞ্চলে শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়, শ্রমিক ও শিল্পখাতের সুরক্ষা, শ্রম বিরোধ প্রতিরোধ ও সমাধানে পুলিশের ভূমিকা এবং শিল্পখাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রম তুলে ধরা হয়।
এ সময় আইএলওর শ্রম অধিকার, সামাজিক সংলাপ, কর্মক্ষেত্রে ন্যায়সংগত পরিবেশ এবং শোভন কর্মসংস্থানের লক্ষ্যগুলোর সঙ্গে দেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্ব ও কার্যক্রমের পারস্পরিক সম্পর্কের বিষয়টি গুরুত্ব পায়।
সভায় উভয় পক্ষ শ্রমিকদের অধিকার সুরক্ষা, শিল্পখাতে স্থিতিশীলতা এবং শ্রম অধিকার-সংক্রান্ত বিষয়ে কার্যকর সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করে। ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়।
আলোচনাটি পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হয়।
সভায় আইএলও ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শ্রম অধিকার, শিল্প শান্তি ও স্থিতিশীলতা এবং শ্রম-সম্পর্কিত বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অপারেশন অ্যান্ড ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হারুন-উর-রশিদ হাযারী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ইন্টেলিজেন্স) মো. রেজাউল হক এবং অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) হাসিবুল আলম।