শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন বোর্ড অব গভর্র্নস গঠন করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান করে নতুন এ বোর্ড অনুমোদন দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে জানায়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৪-এর ৬(১) ধারা অনুযায়ী নতুন বোর্ড অব গভর্র্নস গঠন করা হয়েছে।
নতুন বোর্ডে পদাধিকারবলে ছয়জন সদস্য রয়েছেন। এর মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্যও নতুন বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ ছাড়া বিশিষ্ট আলেম ও মুসলিম পণ্ডিত হিসেবে পাঁচজনকে বোর্ডের সদস্য করা হয়েছে। তারা হলেন, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশালের অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; যাত্রাবাড়ীর মারকাযুদ দাওয়া আল-ইসলামীর মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মেয়াদ হবে তিন বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন সদস্য মনোনয়ন না দেওয়া পর্যন্ত বর্তমান সদস্যরা দায়িত্ব পালন করতে পারবেন।
এতে আরও বলা হয়, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া অন্য সদস্যদের পরিবর্তন করতে পারবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্যও নিয়োগ দিতে পারবে।
ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বোর্ড অব গভর্র্নস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেলুসমান বাদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ বোর্ড অব গভর্র্নস গঠনের বিষয়টি কার্যকর করা হয়েছে।