বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ফাইল ছবি

চট্টগ্রাম, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : সরকারের ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির আওতায় হাটহাজারীর ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

আজ (বুধবার) বিকাল ৫টায় ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ মাঠে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘তোমাদেরকে যে গাছ দিচ্ছি, এটাকে তোমরা তোমাদের পোষা গাছ মনে করে পরিচর্যা করবে। এটার মাধ্যমে তোমাদের দায়িত্বশীলতার পরিচয় পাবে। এটার মাধ্যমে তোমরা সবুজ বাংলাদেশের বিপ্লবে শরিক হতে পারবে।’

মীর হেলাল বলেন, ‘যে চারাগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা তোমাদের পোষ্য প্রাণীগুলাকে যেভাবে খুব আদর-যত্নে রাখো এই গাছটাকেও তোমরা সেভাবে আদর-যত্নে বড় করবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমরা কিন্তু এক-দুই বছর পরে আবার আসবো। কোন একদিন সংসদ সদস্য মীর হেলালকে নিয়ে তোমাদের চারা গাছ দেখার জন্য তোমাদের বাড়িতে গিয়ে দেখব যে, তোমাদের ওই গাছটি আছে কিনা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ও বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ একরামুল হক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এবং ৬০ বছর বয়সী ফরহাদাবাদ স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল।

এসময় স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রতিমন্ত্রী, শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও সচিবের কাছে সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শিক্ষার্থীদের পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজের দাবি জানান৷ 

এর আগে বিকাল ৪টায় ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজের ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখি সম্প্রসারন কাজের সূচনা এবং ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ।

এছাড়াও এদিন হাটহাজারীর পার্বতী উচ্চ বিদ্যালয়ে আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ প্রদান ও বৃক্ষরোপণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।