শিরোনাম

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকার ভূমি ব্যবস্থাকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ভূমি মন্ত্রণালয়ে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। সে জন্য সনাতন পদ্ধতির বদলে ডিজিটাল ও স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
আজ বৃহষ্পতিবার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে নবনিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সিনিয়র সচিব বলেন, চাকরি প্রাপ্তির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে তরুণ মেধাবীরা তাদের যোগ্যতার ভিত্তিতে দেশসেবার সুযোগ পাচ্ছেন। এই স্বচ্ছতার সম্মান রাখতে আপনাদের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
ভূমি সেবার জটিলতা ও সংস্কারের নানা দিক তুলে ধরে এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনা একটি অত্যন্ত জটিল বিষয়। বিভিন্ন সময়ে ভূমি সংক্রান্ত আইন ও মালিকানায় নানা পরিবর্তন এসেছে। তবে বর্তমানে ভূমি সার্ভিসকে ডিজিটালাইজ করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসেই সেবা পেতে পারেন।
তিনি নাগরিকদের জন্য +৮৮০৯৬১২৩১৬১২২ (প্রবাসী) এবং ১৬১২২ নম্বরসহ ২৪/৭ কলসেন্টার সার্ভিস এবং জেলা পর্যায়ে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) চালুর উদ্যোগের কথা জানান। এছাড়াও সব জেলা কার্যালয়ে ভূমি সেবা কেন্দ্র স্থাপনের অগ্রগতির কথা উল্লেখ করেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ-আল বাকী ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস প্রমুখ।