বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২২:১৯

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: আইএসপিআর

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে আজ সোমবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) ভারপ্রাপ্ত জিওসি; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান।

ছবি: আইএসপিআর

সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বীর ইউনিটসমূহের সদস্যদের দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বীর ইউনিটসমূহ পদাতিক বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করবে। এছাড়া, তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সকল প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আর্টডক’র ভারপ্রাপ্ত জিওসি; ইবিআরসির কমান্ড্যান্ট; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; বিআইআরসির কমান্ড্যান্ট; ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার; এসআইএন্ডটির কমান্ড্যান্ট; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহের অধিনায়কগণ এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।