শিরোনাম

ঢাকা দক্ষিণ, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : কেরানীগঞ্জের উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কেরানীগঞ্জের চলমান উন্নয়নের সেই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান এমপি।
আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে কেরানীগঞ্জ খোলামোড়া-হযরতপুর-ইটাভাড়া-হেমায়েতপুর সড়কের সংস্কার কাজের সূচনা এবং ঐতিহাসিক সেতুটির নতুন নামকরণ ‘শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সাড়ে তিন বছরের মেয়াদে ২৩ বার এবং বেগম খালেদা জিয়া ১৯ বার এই কেরানীগঞ্জে এসেছিলেন। তারা খাল কাটা, রাস্তাঘাট ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে এ এলাকার সার্বিক উন্নয়নের সূচনা করেন। এমনকি ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হাসনাবাদে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, বুড়িগঙ্গা থেকে কলাতিয়া হয়ে ধলেশ্বরী নদী পর্যন্ত বিস্তৃত ঐতিহ্যবাহী 'আঁটির খাল' পুনঃখনন করে খালের পানির স্রোত ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু হলো এবং কেরানীগঞ্জের বাকি সকল উন্নয়ন কাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
জনসভায় তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে উপজেলা পরিষদের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ কাজী নাজিম উদ্দীনের স্মৃতি রক্ষার্থে ও শ্রদ্ধা জানাতে এই সেতুটির নামকরণ করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ যোগ দেয়।