বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২০:২১

অর্থ আত্মসাতের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে সিআইডি

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গতকাল (২৩ আগস্ট) বনানীর সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)। 

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, প্রতারণার শিকার এক ভুক্তভোগী বাদী হয়ে (ডিএমপি) বনানী থানার একটি মামলা দায়ের করে, যার নন্বর- ৩১। গ্রেফতারকৃত সবাই মামলার এজাহারভুক্ত অভিযুক্ত। 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।