বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ১৩:৫৫
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৪:০৯

ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান শওকত রশীদ চৌধুরী

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস): পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে বদলিপূর্বক পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মোহাং শওকত রশীদ চৌধুরী ১৯৯৫ সালের ১৮ নভেম্বর হবিগঞ্জ কালেক্টরেটে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন।

এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২ নভেম্বর সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর ৩ নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।

পরে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে গভর্ন্যান্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের ব্রাডফোর্ড ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সিয়াল ইকোনমিকস বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় প্রশাসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অভ্যন্তরীণ সম্পদ, রেলপথ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কাজ করেছেন।