বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৮

ডেঙ্গু প্রতিরোধে রাসিকে’র পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম 

ছবি: বাসস

রাজশাহী, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ভদ্রা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে। ভদ্রা বস্তি এলাকাসহ অন্যান্য এলাকায়ও ফগার স্প্রে করা হয়। 

আজ শনিবার দুপুরে নগরীর ভদ্রা বস্তি এলাকায় ফগার স্প্রে কার্যক্রম পরিদর্শন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে রাসিক প্রশাসক ভদ্রা রেললাইন সংলগ্ন বস্তি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন অনুযায়ী পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়ে তুলতে নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখি। আমরা সকলে মিলে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।