বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২০:৪৮
আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২১:০০

রাজধানীর রাজারবাগে হোটেল আশরাফীকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা

ছবি : বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর রাজারবাগে হোটেল আশরাফীকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য ও সনদ প্রদর্শনে ব্যর্থতার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার শাহজাহানপুরের রাজারবাগ এলাকায় হোটেল আশরাফীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় দেখতে পাওয়া যায়। রান্নাঘরের রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া রান্নাঘরে বিড়ালের উপস্থিতি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং মজুত করা বিদেশি খাদ্যপণ্যের মোড়কে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। পরে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।