শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সট জব ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার এ আয়োজন করা হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান, শিল্পবিশেষজ্ঞ এবং কয়েক হাজার চাকরিপ্রার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। এ ছাড়া নেক্সট জব লিমিটেডের প্রধান ব্যবসা কর্মকর্তা শোয়েব হাসান, আকিজ রিসোর্সেসের প্রধান জনবল কর্মকর্তা মো. আফসার উদ্দিন, প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান এবং আকিজ অ্যাগ্রিলাইফের প্রধান ব্যবসা কর্মকর্তা আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, চাকরিপ্রার্থীদের প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতাও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নেক্সট জবের মতো প্ল্যাটফর্ম চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি দক্ষতা বাড়াতেও সহায়তা করতে পারে।
নেক্সট জব লিমিটেডের প্রধান ব্যবসা কর্মকর্তা শোয়েব হাসান বলেন, নেক্সট জব ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি পদের বিপরীতে প্রায় ২ হাজার ৫০০ চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।
এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক পরামর্শ, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ পান।
শিক্ষার্থী, সদ্য স্নাতক, অভিজ্ঞ পেশাজীবী এবং উচ্চপর্যায়ের নির্বাহীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত যোগাযোগ সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করেছে।