বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৯:১৯

ডিএনসিসির নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মাঝে টেলিটক কর্পোরেট সিম বিতরণ

ছবি: বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের মধ্যে টেলিটক কর্পোরেট সিম বিতরণ করা হয়েছে।আজ বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে কর্মকর্তাদের মাঝে এসব সিম বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সিম বিতরণকালে প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা টেলিটক কর্পোরেট সিম আগামীকাল থেকে সকল কর্মকর্তা চালু করবেন এবং এই সিমের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবেন।

তিনি বলেন, টেলিটক কর্পোরেট সিম ব্যবহারের মাধ্যমে ডিএনসিসি’র কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে। এর ফলে নাগরিক সেবা প্রদানের পথও আরও সুগম হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।