শিরোনাম

চট্টগ্রাম, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডসেরার মুকুট উঠেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. সাদমান ইসলামের মাথায়। ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে সে সর্বোচ্চ ১ হাজার ২৭১ নম্বর প্রাপ্তির গৌরব অর্জন করেছে।
আর সাদমানের এই অনন্য কৃতিত্বের খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও। তার অসাধারণ ফলাফলে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। একই সঙ্গে সাদমানের এই অর্জনকে আরও উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো হয়েছে বিশেষ উপহার।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রাতে সাদমানের বাসায় গিয়ে তার হাতে সেই বিশেষ উপহার, শুভেচ্ছা ও অভিনন্দন তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
উপহার তুলে দেওয়ার পর সাদমানের সঙ্গে তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন তারা। কথোপকথনে উঠে আসে সাদমানের স্বপ্ন, আগামী দিনের লক্ষ্য এবং নিজের অর্জনকে আরও বড় সাফল্যে রূপ দেওয়ার প্রত্যয়।
এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, সাদমান যে কৃতিত্ব অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই শুভেচ্ছা ও উপহার তাকে আরও অনুপ্রাণিত করবে।
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, সরকার শিক্ষার প্রসার ও মানোন্নয়নের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সাদমানের অসাধারণ ফলাফল তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও চট্টগ্রামের জন্য গর্বের বিষয়। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস. এম সাইফুল আলম ও নিয়াজ মোহাম্মদ খান উপস্থিত ছিলেন।