শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের ২২ হাজার ৩২৭ টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত সংস্থার আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়।
এতে বলা হয়েছে, আইনগত সহায়তা সেলের মাধ্যমে শ্রমিকদের জন্য ৭ কোটি ৩ লাখ ৮১ হাজার ৩৬৬ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে এ অর্থ আদায় হয়।
এছাড়াও শ্রমিকদের ২২ হাজার ৩২৭টি আইনি পরামর্শ সেবা প্রদান করা হয়েছে। শ্রমিকদের ৪ হাজার ৭০৮ টি মামলায় আইনগত সহায়তা দেয়া হয়েছে। আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগী ৩০ হাজার ৪০৪ জন শ্রমিক।
প্রতিবেদন অনুযায়ী, শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এই সেবা সম্প্রসারণ করা হয়।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে।
বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার (টোল ফ্রি-১৬৬৯৯) থেকে এ সেবা দেওয়া হচ্ছে।
আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।