বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২৩:৩৬

নিরাপদ খাদ্য আইনে গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রাজধানীর গ্রিন রোডের ‘রূপসা রেস্টুরেন্ট’কে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে রেস্টুরেন্টটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের ফ্লোরও ভাঙা অবস্থায় পরিলক্ষিত হয়। এ ছাড়া রেফ্রিজারেটরে যথাযথ লেবেল ছাড়াই মাছ, মাংস, গ্রিল চিকেন ও বিভিন্ন ধরনের রান্না করা মশলা সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানকালে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।