বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২১:৫০

তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ : প্রিন্স 

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ফ্যাসিবাদের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।  

আজ সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচি তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বিএনপির আন্দোলন ও সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, তাদের অবদান জাতি কখনও ভুলবে না। আব্দুল আজিজ খানও দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করেছেন। তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়।

হালুয়াাঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু প্রমুখ।

এদিকে, স্মরণসভা শেষে আব্দুল আজিজ খানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।  

এর আগে হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, মরহুম আব্দুল আজিজ খান ২০২৫ সালের ১৬ আগস্ট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।