বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৫

২৭৭ সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি 

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬(বাসস) : প্রশাসন ক্যাডারের ৩১ ব্যাচের নিয়মিত শতাধিক কর্মকর্তাসহ ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২৬২ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং বিদেশে মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে তাদের আগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন।

পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল:[email protected]) দাখিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।