শিরোনাম

বাগেরহাট, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলার দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের দশানী থেকে হেলাতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে।
আজ দুপুরে জেলা শহরের দশানী এলাকায় সড়কটির পুনর্নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
এ সময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এবং সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাটের দশানী থেকে রামপাল হয়ে মোংলা পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার মহাসড়কটির উন্নয়ন কাজ চারটি প্যাকেজের মাধ্যমে ২০২১ সালে শুরু করা হয়। গুরুত্বপূর্ণ এ সড়কটি বাগেরহাট শহরের সঙ্গে রামপাল ও মোংলা অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এর মধ্যে দশানী থেকে হেলাতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের পুনর্নির্মাণ ও সংস্কার কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ফলে সড়কটির ওই অংশে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে।
সড়ক বিভাগ সম্প্রতি পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে বাগেরহাট শহরের সঙ্গে রামপাল ও মোংলা এলাকার সড়ক যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি মোংলা বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, পুনর্নির্মাণ ও সংস্কার কাজ ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।