বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৬:২৫

শাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের সিগারেট ও আইফোন জব্দ

চট্টগ্রাম, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

শুল্ক-করসহ জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

সিআইআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাপরিচালকের কাছে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী ও ব্যাগেজে বিশেষ নজরদারি চালানো হয়।

অভিযানে যাত্রী এমডি. মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ও মন্ড ব্র্যান্ডের মোট ২৬৪ কার্টুন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টুন সিগারেট ও চারটি আইফোন এবং নুরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টুন সিগারেট ও পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।

পরে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সব মিলিয়ে একটিমাত্র ফ্লাইট থেকে ১ হাজার ৮০২ কার্টুন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে।

সংস্থাটি জানায়, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজে আরও ১ হাজারের বেশি কার্টুন সিগারেট উদ্ধারের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।