বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ১৬:১৪

ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে ডিএসসিসি সুপারভাইজারকে অব্যাহতি ও শোকজ

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আজ ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ নীতির অংশ হিসেবে ট্রেড লাইসেন্স নবায়নের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং হয়রানির অভিযোগে ডিএসসিসির রাজস্ব বিভাগের লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন প্রচলিত আইনে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মানোন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিসিসিআই ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে সংশ্লিষ্ট লাইসেন্স সুপারভাইজার ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করেন। কিন্তু দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। পরবর্তীতে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ী নেতা।

অভিযোগটি শোনার পর ডিএসসিসি প্রশাসক তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। 

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার নির্দেশক্রমে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সিটি কর্পোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। 

শোকজের লিখিত জবাব পাওয়ার পর অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সসহ সব ধরনের সেবা নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত করতে ডিএসসিসি প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।