বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:২৩

পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ফাইল ছবি

পাবনা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তনের জন্য জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর ফলে পাবনাতে আগাম সুখবর দিতে পারি যে, ওয়াই সিস্টেম ব্রিজ পাবনাকে সংযুক্ত করে হতে যাচ্ছে।

আজ রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ করে দিয়েছে। এখন শুধু আমাদের জাতীয় ঐক্য দরকার। সঠিক পরিকল্পনা দরকার। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারবো ইনশাল্লাহ। সেই সূবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।