শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এআই-নির্ভর রোবোটিক সার্জিকাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের উন্নত চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
সোমবার দু’টি রোবোটিক অস্ত্রোপচার করা হয়। অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৩৪ বছর বয়সী এক পুরুষের রোবোটিক কোলেসিস্টেকটমি করেন। অন্যদিকে অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করেন।
অত্যাধুনিক মেডবট টুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবটের সহায়তায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম এই অস্ত্রোপচার দু’টি সম্পন্ন করে।
রোবোটিক সার্জারিতে চিকিৎসকেরা ত্রিমাত্রিক বা থ্রিডি প্রযুক্তির মাধ্যমে শরীরের ভেতরের অংশ স্পষ্টভাবে দেখতে পারেন। রোবোটিক বাহু ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো সম্ভব হওয়ায় শরীরের সংকীর্ণ ও জটিল স্থানেও তুলনামূলকভাবে নিখুঁতভাবে অস্ত্রোপচার করা যায়। এতে বড় ধরনের কাটাছেঁড়া, রক্তক্ষরণ ও আশপাশের টিস্যুর ক্ষতি কমার পাশাপাশি অস্ত্রোপচারের পর রোগীর ব্যথা কমে এবং দ্রুত সুস্থ হওয়ার সুযোগ তৈরি হয়।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, রোবোটিক সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি। রোবোটিক বাহুর বিস্তৃত নড়াচড়ার সুবিধায় শরীরের জটিল স্থানেও আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব। এতে গুরুত্বপূর্ণ রক্তনালি ও অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়ায় চিকিৎসা এবং রক্তক্ষরণ কমানোর সুযোগ তৈরি হয়।
অধ্যাপক ডা. সামছাদ জাহান বলেন, শিগগিরই রোবোটিক সার্জারির কার্যক্রম কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য যেসব রোগীকে বিদেশে যেতে হয়, তাদের দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়াই লক্ষ্য। এর মাধ্যমে রোগীদের বিদেশে চিকিৎসার প্রয়োজন কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার ব্যয়ও কমানো সম্ভব হবে।
ইউনাইটেড হেলথকেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পাশাপাশি জরুরি ও সংকটাপন্ন রোগীর চিকিৎসা, উন্নত রোগ নির্ণয় এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ অব্যাহত রাখা হচ্ছে। রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের বিদেশ-নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।