বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ২৩:৩০

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

প্রতীকী ছবি

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় ‘পরিবেশ পদক গ্রিনম্যান অ্যাওয়ার্ড‘ পেতে যাচ্ছেন তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিক। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন এ অ্যাওয়ার্ড ঘোষণা করেছে।

আগামীকাল মঙ্গলবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে ‘সবুজ আন্দোলন’। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে এ সংস্থা।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, সারা দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ এর নির্বাহী প্রধান আহসান রনি, টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেড এর পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

এছাড়াও ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গণমাধ্যম কর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ফাহিম মোনায়েম এবং নিউজ২৪ এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে কে এ অ্যাওয়ার্ড প্রধান করা হবে।

এদিকে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়‘ শীর্ষক আলোচনা সভা ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজা উপস্থিত থাকবেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থিত সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।