বাসস
  ১৯ জুলাই ২০২৬, ২১:৩৩
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২২:০৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে : ছাত্রদল সভাপতি রাকিব

ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে। তাই এই গণঅভ্যুত্থানের চেতনা, ত্যাগ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে।

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্বেবিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই - ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এই কথা বলেন তিনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই প্রজন্মের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণ। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

রাকিব বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। তারা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিলেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার মুখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ছাত্রদল সভাপতি বলেন, গত দুই বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল, রুম দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার রাজনীতি করেনি। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে-এমন কোনো কর্মসূচিও ছাত্রদল পালন করেনি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে, ভবিষ্যতে আর কখনো দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা - ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

জবি শাখা ছাত্রদলের অহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন ও ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন।