বাসস
  ২৫ মে ২০২৬, ১৮:০০

ঢাকায় শেফদের অংশগ্রহণে তুর্কি কুইজিন সপ্তাহ উদযাপিত

ছবি: দূতাবাস

ঢাকা, ২৫ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশে তুরস্ক দূতাবাস সে দেশের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য তুর্কি কুইজিন সপ্তাহ উপলক্ষ্যে ঢাকায় বিশেষ নৈশভোজ ও খাদ্য আসরের আয়োজন করেছে। 

এতে দেশের শীর্ষস্থানীয় বিলাসবহুল হোটেলগুলোর শেফ ও এ খাতের পেশাজীবীরা অংশ নেন।

রোববার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এ আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

তিনি তুর্কি খাদ্য সংস্কৃতিকে তুরস্কের রন্ধনভিত্তিক পর্যটনের একটি শক্তিশালী উপাদান হিসেবে উল্লেখ করেন।

এ সময় তিনি আরও বলেন, আমন্ত্রিত শেফরা নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত অতিথিদের আপ্যায়ন করে থাকেন। এ আয়োজনের মাধ্যমে তাদেরকে সম্মান জানাতে পেরে দূতাবাস আনন্দিত।

রাষ্ট্রদূত তুর্কি খাদ্য সংস্কৃতিকে কেবল খাবারের সমষ্টি নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে অভিবাসন, আচার-অনুষ্ঠান, সম্মিলিত প্রচেষ্টা ও দীর্ঘদিনের ভোজন ঐতিহ্যের মাধ্যমে গড়ে ওঠা একটি প্রাণবন্ত যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিলাসবহুল হোটেলের শেফ ও সু-শেফরা অংশ নেন। 

এ সময় তুর্কি রন্ধন ঐতিহ্য, স্বাদ ও রান্নার কৌশল নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে শেরাটন ঢাকার জুনিয়র সু-শেফ আল্লামা ইকবাল এ আয়োজনকে মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, এ সন্ধ্যা তাকে গুরুত্বপূর্ণ ধারণা ও অনুপ্রেরণা দিয়েছে, যা তিনি তার টিমের লোকদের সঙ্গে ভাগ করে নেবেন।

ইকবার আরও বলেন, এ উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে তুর্কি খাদ্যসংস্কৃতি ও সংস্কৃতির প্রসারে আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।

প্রতি বছর ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত পালিত তুর্কি কুইজিন সপ্তাহ তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত তুর্কি কূটনৈতিক মিশন ও সাংস্কৃতিক কেন্দ্রে উদযাপিত হয়। 

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন হয়ে থাকে।

‘দ্য হেরিটেজ টেবিল’ প্রতিপাদ্যে এই আয়োজনে তুর্কি খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত গল্প, স্মৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা হয়।