বাসস
  ২৫ মে ২০২৬, ০০:৫৮

মিরপুরে জালনোট ও সরঞ্জামসহ গ্রেফতার ১

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. জিসান আলম (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুরের বারেক মোল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার মিরপুর থানার ৬০ ফিট রোডের বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯০ হাজার ১০০ টাকার জালনোট এবং জালনোট তৈরির সরঞ্জাম হিসেবে একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালনোটের মধ্যে ৫০টি এক হাজার টাকার, ৫৭টি পাঁচশ টাকার, ৩৬টি দুইশ টাকার এবং ৪৪টি একশ টাকার নোট রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।