বাসস
  ২৫ মে ২০২৬, ০০:২৬

রাজধানীতে জালনোটসহ দুজন গ্রেফতার

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস) : রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬৪ হাজার টাকার জালনোটসহ দুজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। গতকাল শনি ও আজ রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে মো. সুমন মৃধা(৩৩) ও মনোয়ার হোসেন(৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার সবুজবাগ থানার মানিকদিয়া ক্লাব মোড় সংলগ্ন নজরুল টি-স্টোরের সামনে থেকে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার যাত্রাবাড়ী থানার কোনাপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ৩৩ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জালনোটের মধ্যে ১০টি এক হাজার টাকার এবং ১০৮টি পাঁচশ টাকার নোট রয়েছে। উদ্ধারকৃত জালনোটের মোট মূল্য ৬৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।