বাসস
  ২৪ মে ২০২৬, ২১:০৪

কেসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

ছবি: বাসস

খুলনা, ২৪ মে, ২০২৬, (বাসস): পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা কেসিসির মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। 

কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়ু দেয়ার পরিকল্পনা রয়েছে। কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর ১৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে।

তিনি বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত ১০টায় মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে।

ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। একটি গ্রীণ ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।