বাসস
  ২৪ মে ২০২৬, ১৭:৩৬

হামের উপসর্গে আরো ১৬ জনের মৃত্যু

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গে ১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৩০৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৬ হাজার ২১৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩০ হাজার ২০০ জন হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৭৬ জন।